শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

খালেদা জিয়া এখন কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে ‘টিপস’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি সিসিইউতে ‘মোটামুটি’ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের অবস্থা…আপনারা সবাই জানেন যে বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাঁরা গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে যে কাজের জন্য এসেছিলেন, একটা প্রসিডিউর, সেই প্রসিডিউর তাঁরা করতে পেরেছেন।’


মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) এখনো সিসিইউতে আছেন এবং ডাক্তাররা তাঁর সঙ্গে কথা বলছেন। যে পোস্ট অপারেশন…এখন পর্যন্ত মোটামুটি আছেন।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ চিকিৎসকেরা।


বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ঢাকায় আসেন।


বিএনপি চেয়ারপারসন বসুন্ধরার ওই হাসপাতালে ভর্তি আছেন গত ৯ আগস্ট থেকে। গত আড়াই মাসে তাঁকে কয়েক দফা সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৭৮ বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদ্‌রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তবে এখন লিভার সিরোসিসের অনেক জটিলতা আছে জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, পেটে রক্তক্ষরণ হচ্ছে। বারবার বুকে পানি চলে আসছে। তা অপসারণ করতে বারবার আইসিইউতে নিতে হয়েছিল। এই টিপসের পর রক্তক্ষরণ ও পানি জমার উপশম হবে।


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: