কক্সবাজারের চকরিয়া মহাসড়কে বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ডুলাহাজারা এলাকার ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তারা সম্পর্কে ভাই-বোন।
ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর মুঠোফোনে জানান, সকালে ট্রেন দেখতে যাওয়ার পথে শ্যামলী পরিবহনের বাসচাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। একই ঘটনায় তাদের চাচাতো ভাই গুরুতর আহত হয়ে ডুলহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা স্থানীয় সৌদি প্রবাসী নাসিরের সন্তান বলেও জানান তিনি
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঢাকায় সকাল থেকেই বৃষ্টি, বিভিন্ন স্থানে আরও হতে পারে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ রাজধানীসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দুই দিন পর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করেছিল গত মঙ্গলবার। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থেকেছে। গতকাল বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে।
গতকাল সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় মিগজাউম উত্তর দিকে এগিয়ে দুর্বল হয়ে গেছে। এরপর প্রথমে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় এটি ছিল উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি দক্ষিণ ওডিশা এলাকায়। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়ে চলেছে।
গতকাল দেশের বিভিন্ন স্থানে মিগজাউমের প্রভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে, ৩ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে সামান্য।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, দেশের দক্ষিণের জেলাগুলোয় বেশি বৃষ্টি হতে পারে। মূলত এটি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি বলেন, শনিবার বৃষ্টি অবশ্য কমে আসবে।
চলতি বছর এ পর্যন্ত তিনটি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এরপর ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আঘাত করল ভারতের উপকূলে।
গত নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ছিল। ডিসেম্বরের প্রায় এক সপ্তাহ চলে গেলেও শীত তেমন পড়েনি। এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বৃষ্টির পর দুই দিন শীত বেশি পড়বে না। তাপমাত্রা এখনকার মতোই থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে শীত অনুভূত হতে পারে খানিকটা। বৃষ্টি চলে যাওয়ার দুই দিন বাতাসে আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা কমবে না তেমন। তবে দুই দিনের মধ্যে আর্দ্রতা কমে গেলে সোমবার থেকে শীত বাড়তে পারে।-(জাস্ট নিউজবিডি)
আরও পড়ুন>> জনআকাঙ্খার বাস্তবায়নে পাশে আছি, রাশিয়ার অভিযোগ মিথ্যা প্রোপাগান্ডা: অ্যাডমিরাল কিরবি






0 coment rios: