‘অন্তত ১০ বস্তা পেঁয়াজ কিনতে শ্যামবাজার পাইকারি বাজারে গিয়েছিলাম। কিন্তু সরবরাহ কম থাকায় মাত্র তিন বস্তা কিনতে পেরেছি।’
ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
আজ শনিবার রাজধানীর অন্যতম বৃহৎ বাজার কারওয়ান বাজারে খুচরা বিক্রেতারা দেশি পেঁয়াজ বিক্রি করছেন ২০৪ টাকা কেজি দরে। গত বৃহস্পতিবার তা ছিল ১৩০ টাকা কেজি।
ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা।
গতকাল শুক্রবার ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে প্রতিবেশী দেশটি।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা বাড়ানোর পর দেশে পেঁয়াজের দাম বেড়েছে।' এ ছাড়াও, স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানান তিনি।
তিনি আরও বলেন, 'অন্তত ১০ বস্তা পেঁয়াজ কিনতে শ্যামবাজার পাইকারি বাজারে গিয়েছিলাম। কিন্তু সরবরাহ কম থাকায় মাত্র তিন বস্তা কিনতে পেরেছি।'
শ্যামবাজার পেঁয়াজ পাইকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ ডেইলি স্টারকে বলেন, 'ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা বেড়ে যাওয়ায় দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিও পেঁয়াজের দামে প্রভাব ফেলেছে।'
তার মতে, সরবরাহ কমে যাওয়া দেশে পেঁয়াজের দাম বাড়ার আরেকটি কারণ।
পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত
ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) এক প্রজ্ঞাপনে এ ঘোষণার কথা বলা হয়েছে।
এর আগে, রপ্তানি কমাতে ও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে সরবরাহ বাড়াতে গত ২৮ অক্টোবর পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন ৮০০ ডলার নির্ধারণ করেছিল দেশটি।
বাংলাদেশ মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি করে, তাই ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার মূল্যের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকার নিচে। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩৫ টাকা।
চলতি বছরের আগস্টে প্রতিবেশী দেশটি তাদের বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।
ডিজিএফটি তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, এই সিদ্ধান্ত চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
ডিজিএফটি আরও জানিয়েছে, ইতোমধ্যে রপ্তানির জন্য যেগুলোর লোডিং শুরু হয়েছে, সেগুলোর জন্য এই বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না।
এতে আরও বলা হয়, অন্যান্য দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকারের অনুমতির মাধ্যমে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে।-(ডেইলি স্টার)
আরও পড়ুন>> বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া ও করোনা মহামারী পরবর্তী মূল্যস্ফীতিতে সাড়ে ২৭ লাখ মানুষ গরিব হয়েছে






0 coment rios: