কারাগারে অসুস্থ বিএনপির নেতা-কর্মীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাড়ে তিন মাস পর সোমবার কারাগার থেকে বেরিয়ে তিনি বলেন, কারাগারে দলের অনেক নেতা-কর্মী রয়েছেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ভালো চিকিৎসা প্রয়োজন।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের হামলার পর ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১১টি মামলা হয়।
সব কটি মামলায় জামিন হওয়ায় আজ সন্ধ্যার পর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা আব্বাস। কারাগারের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সরকারকে বলব, যারা কারাগারে অসুস্থ রয়েছেন, তাদের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। আমাদের আন্দোলন এভাবেই চলবে।’
এর আগে বিকাল থেকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী কারাগার এলাকায় মির্জা আব্বাসের মুক্তির জন্য অপেক্ষা করেন।
খালেদা জিয়ার সঙ্গে মির্জা আলমগীরের সাক্ষাৎ
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় (ফিরোজা) যান মির্জা ফখরুল। বের হন রাত সাড়ে ৯টার দিকে। এসময় প্রায় এক ঘন্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল।
গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরুকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




0 coment rios: