দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত জনগণের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেন, একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসায় জনগণের কাছে জবাবদিহি নেই সরকারের।
বুধবার (১৩ মার্চ) সকালে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে তার বাসায় দেখতে গিয়ে এ কথা বলেন ড. আবদুল মঈন খান।
তিনি দাবি করেন, ৭ জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করেছে যা জনগণ ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের সঙ্গে বিদ্রুপ করছে। দেশের মানুষকে বাঁচাতে সরকার পতনের কোনো বিকল্প নেই।
মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দাবি আদায় করতে চায়। লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। কিন্তু ২৮ অক্টোবর সরকার ভীত হয়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। এরপর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরেয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
উপস্থিত দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, প্রতিটি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করেছে ক্ষমতাসীনরা। নির্যাতন করে আন্দোলন থামানো যাবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে।
আর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, নির্বাচন হবে এবং ভোট দেবে জনগণ। সেই অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। গত ১৫ বছর আমি ভোট দিতে পারিনি। ভোট দিতে চাই। অধিকার ফিরে পেতে চাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চলবে।
ক্ষমতাসীনদের পতনের বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন তারা।
.jpg)


0 coment rios: