শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচন না বৈধ, না অংশগ্রহণমূলক: আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন

 মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় সরকারকে চাপ দিতে জাতিসংঘের সদস্য দেশগুলির প্রতি আহ্বান


বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচনকে উপহাসে পরিণত করেছে সরকার বলে মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ) বলেছে, এ নির্বাচন না হয়েছে বৈধ আর না অংশগ্রহণমূলক।

এছাড়া বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, জাতিসংঘের মানবাধিকার পরিষদের একজন সদস্য হয়েও বাংলাদেশ সরকারের এহেন আচরণ অশোভনীয়।

২৫ মার্চ এক বিবৃতিতে এই মন্তব্য করে এফআইডিএইচ।

সংস্থাটি বাংলাদেশের বিষয়ে সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনার (ইউপিআর) দাবি জানিয়ে জাতিসংঘের (ইউএন) মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশন চলাকালীন একটি বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের জোরপূর্বক গুম, নির্যাতন, মৃত্যুদণ্ড এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়মুক্তি, সেইসাথে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলিকে মোকাবেলা করতে অস্বীকৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা দীর্ঘস্থায়ী মানবাধিকার লঙ্ঘনগুলি মোকাবেলায় সরকারকে চাপ দেয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ) বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রের উদ্বেগকে বৈধতা দেয়ার পাশাপাশি এবিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একজন সদস্য হয়েও বাংলাদেশ সরকারের এহেন আচরণ অশোভনীয়। মানবাধিকার লঙ্ঘন ও সুশীল সমাজের ওপর দমনপীড়ন সার্বজনীন পর্যালোচনার দাবি রাখে। সরকার আবারও বলপূর্বক গুমের ঘটনা অস্বীকার করেছে। পাশাপাশি বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন এবং নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনের প্রটোকলের সমস্ত সুপারিশ গ্রহণ করতে অস্বীকার করেছে। উপরন্তু, সরকার মৃত্যুদণ্ড সংক্রান্ত সমস্ত সুপারিশ গ্রহণ করেনি, তারা বিস্ময়করভাবে মৃত্যুদণ্ডকে ‘শাস্তির একটি বৈধ রূপ’ হিসাবে বর্ণনা করেছে।

সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের সুপারিশ গ্রহণ করার পরেও দেশের জাতীয় নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন সরকারের রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং সুশীল সমাজের উপর আক্রমণের কারণে বিঘ্নিত হয়েছিল। এটাও উপহাসের বিষয় যে, সরকার সুশীল সমাজের কর্মী, আইনজীবী এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করার সুপারিশ গ্রহণ করেও সব ধরনের ভিন্নমতকে নীরব করার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করে চলেছে। প্রবাসে ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানোর সঙ্গে সঙ্গে দেশে মানবাধিকার রক্ষাকারীদের অপরাধীর তকমা দেয়া হচ্ছে। আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে দীর্ঘস্থায়ী মানবাধিকার লঙ্ঘন, দায়মুক্তির অবসান, জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার গ্যারান্টি নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানাই।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: